মানিকগঞ্জের সিংগাইরে সাপের কামড়ে সাব্বির হোসেন (১৭) নামে নবম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে । জেলা সদর হাসপাতালে সাপে কাঁটার এন্টিভেনম ভ্যাকসিন না পেয়ে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় ।
মৃত সাব্বির হোসেন উপজেলার বলধরা ইউনিয়নের উত্তর পারিল গ্রামের মোঃ মহর আলীর ছেলে।
শনিবার (২০ আগস্ট) বিকালে মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির দুপুরে উত্তর পারিল সাইমেক্স লেদার ফ্যাক্টরি সংলগ্ন পশ্চিম পাশের একটি ক্ষেত থেকে ঘাস নিয়ে বাড়ি ফেরার পথে তাকে সাপে কাটে। বিষয়টি পরিবারের কাছে বললে স্থানীয় ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করে । তার অবস্থার অবনতি হলে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে সাপে কাঁটার ভ্যাকসিন না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার একটি হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে গাড়িতেই তার মৃত্যু হয়।
স্থানীয় সচেতনমহল অনেকেই বলেন, ওঝার কোন সাধ্য নেই সাপের বিষ নামানোর। এই কুসংস্কার এর জন্যই সময়মতো হাসপাতালে যেতে না পেরে রোগী মারা যায় । ওঝাদের এরূপ কার্যক্রম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।